
জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার (৭১) নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কলাগাছিয়া এলাকায় ভেসে থাকা মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে নৌ-পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরিদর্শক (আইসি) সালেহ আহমেদ পাঠান জানান, লাশ উদ্ধারের পর স্থানীয়রা নিশ্চিত করেছেন এটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের। তবে মরদেহে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তাঁর পরিবারকে শনাক্তের জন্য ডাকা হয়েছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “মেঘনা নদীতে একটি মরদেহ উদ্ধার হয়েছে। আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এটি সাংবাদিক বিভুরঞ্জনের। পরিবার শনাক্ত করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নৌ-পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, মরদেহটি মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত করা হবে।
বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে দৈনিক আজকের পত্রিকা-তে কাজ করছিলেন। তিনি ১৬ আগস্ট থেকে ছুটিতে ছিলেন। গত বৃহস্পতিবার সকালে মোবাইল ফোন ও ট্যাব বাসায় রেখে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি। সন্ধ্যায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি ব্যর্থ হলে তাঁর ছেলে ঋত সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, নিখোঁজ হওয়ার দিন সকাল ৯টার কিছু পর বিভুরঞ্জন সরকার তাদের কাছে একটি নিবন্ধ পাঠান। লেখাটির ফুটনোটে তিনি লিখেছিলেন— “জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।”
ওই নিবন্ধে তিনি নিজের ও পরিবারের নানা সংকটের কথা উল্লেখ করেন। সেখানে অসুস্থতা, আর্থিক টানাপোড়েন, মেয়ের উচ্চতর পরীক্ষায় ব্যর্থতা এবং ছেলের বেকারত্ব নিয়ে গভীর হতাশার কথাও তুলে ধরেন।
দেশ বাংলা অনলাইন 
























