
চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— নিমাই নিশি (৩০), করিম (২৮) ও মোহাম্মদ ফুরকান (২০)। অপর চারজনের নাম এখনো নিশ্চিত করা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক নুর উল্লাহ আশেক জানান, কারখানার ভেতরে আগুন লাগার ঘটনায় সাতজন দগ্ধ হন। পরে শুক্রবার বিকেলে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়।
বর্তমানে আহত সাতজনই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
মুহাম্মদ নাজিম উদ্দিন 
























