
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাতকানিয়া উপজেলার করইয়ানগর এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মনির। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। শোক আর অনিশ্চয়তার ঘনঘোর অন্ধকারে যেন ডুবে গিয়েছিল তাদের ছোট্ট ভুবন।
এই দুঃসময়ে মানবিক সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক জাতীয় সংসদ প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সোমবার দুপুরে তিনি স্থানীয় জামায়াত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শোকাহত পরিবারের বাড়িতে ছুটে যান, সান্ত্বনা দেন এবং মনিরের স্ত্রীর হাতে তুলে দেন অর্থ সহায়তা।
“আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, আমরা মানবতার পক্ষেও দায়বদ্ধ” — আবেগঘন কণ্ঠে এমনটাই বলেন শাহজাহান চৌধুরী। তিনি আরও বলেন, “মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। বিপদে-আপদে মানুষের পাশে না দাঁড়ালে, মানবতার শিক্ষা বৃথা যায়।”
তিনি জানান, মনিরের পরিবার বহুদিন ধরে একটি ভাড়া ঘরে মানবেতর জীবন কাটিয়ে আসছে। তাদের কোনো নিজস্ব আশ্রয় নেই। এ সময় তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি। ইনশাআল্লাহ, জামায়াত সেই উদ্যোগে অগ্রণী ভূমিকা রাখবে।”
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হক, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বেলাল, জামায়াত নেতা হারুনুর রশিদ, ইউপি সদস্য জমির উদ্দিন, জামায়াত নেতা সাদেক হোসেন, আজম শিকদার ও হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সাহায্যের হাত বাড়ানোটা শুধু দয়া নয়, বরং দায়িত্ব—এই বার্তাটিই যেন স্পষ্ট করে দিয়ে গেল শাহজাহান চৌধুরীর এই মানবিক উপস্থিতি। সমাজের বিত্তবানরা যদি এমন দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে অনেক ভেঙে পড়া পরিবারই আবার আশার আলো খুঁজে পেতে পারে।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















