চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে শ্বশুরবাড়িতে সাইফুল ইসলাম সুমন (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে।শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সুমন নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছেন। আর সুমনের পরিবারের অভিযোগ সুমনকে ছুরিকাঘাত করে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। গত শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্য হয়।
এর আগের দিন বৃহস্পতিবার (১৬ জুলাই) কুসুমপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে সুমন ছুরিকাঘাতে আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা দেওয়া হবে। তবে এখনো কোন অভিযোগ পায়নি। সুমন একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। তার একটি সন্তান রয়েছে। পুলিশ জানায়, সুমন একজন প্রবাসী। করোনা ভাইরাসের কারণে তিনি দেশে ফেরেন। তার বউ শ্বশুরবাড়িতে থাকতেন। ১৬ জুলাই তিনি শ্বশুরবাড়িতে যান। পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, ১৬ জুলাই বউয়ের সঙ্গে ঝগড়া করে সুমন নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছেন বলে শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছেন। অন্যদিকে সুমনের পরিবারের দাবি, তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।বিষয়টি তদন্তাধীন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















