
বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে দুইটি বাস উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পরিবহন সংকটের বিষয়টি জানতে পেরে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
সোমবার (৫ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি জানান, এর আগে সরকারি আজিজুল হক কলেজে তারেক রহমানের পক্ষ থেকে ফ্রি ওয়াইফাই সুবিধা চালু হওয়ার পর শাহ সুলতান কলেজের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কলেজে যাতায়াত সমস্যার কথা তুলে ধরেন।
শিক্ষার্থীদের সেই দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে কলেজটির জন্য দুইটি বাস দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেন।
হাবিবুর রশিদ সন্ধান আরও জানান, “আমরা আশা করছি ভোটের আগেই বাস দুটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তারেক রহমানের এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের খবরে কলেজজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।”
শিক্ষার্থীদের মতে, এই বাসগুলো চালু হলে নিয়মিত ক্লাসে উপস্থিতি বাড়বে এবং যাতায়াতজনিত ভোগান্তি অনেকটাই কমে আসবে।
দেশ বাংলা অনলাইন 



















