
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী।
তিনি বলেন,
“সবকিছু ঠিক থাকলে ১৮ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজারে আসবেন। সফরের অংশ হিসেবে তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।”
দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার আগমনকে জেলার নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন,
“দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে যাচ্ছেন—এটি জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের।”
এদিকে কক্সবাজার সফরের সময় তারেক রহমান যেন ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেন, এমন প্রত্যাশাও জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন,
“স্বৈরাচার সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে বিএনপির নিবেদিত কর্মী জাগির হোসেন নির্মমভাবে নিহত হন। আমরা আশা করি আমাদের নেতা তারেক রহমান তার দুই এতিম সন্তানসহ পরিবারের খোঁজ নেবেন এবং উখিয়ায় তার কবর জিয়ারত করবেন। এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি হবে।”
এর আগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর বগুড়া সফর করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন।
চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে বসবাস করতেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
দেশ বাংলা অনলাইন 



















