
শপথ গ্রহণের পর নিজ এলাকায় ফিরে সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া পৌরসভা এলাকায় ঝাড়ু হাতে সড়ক পরিষ্কারে অংশ নিয়ে তিনি ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় পৌরসভা জামায়াতের উদ্যোগে কানুরাম পুকুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি ‘গ্রীন সিটি, ক্লিন সিটি’র উদ্বোধন করেন তিনি। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক পরিষ্কার ও বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেন।
উদ্বোধনী বক্তব্যে এমপি শাহজাহান চৌধুরী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, মহান আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন—এই দোয়া করি। শহীদ জব্বার, বরকত, সালাম ও রফিকসহ ভাষা আন্দোলনের বীরদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এর ফলে আমাদের দেশসহ পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারছে।”
তিনি জানান, পৌরসভার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ দলীয় নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিকভাবে চালানো হবে।
সড়ক পরিষ্কার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইন, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, নায়েবে আমীর মোহাম্মদ শাহ আলম, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলমসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















