
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ভাই-বোনসহ আটক ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় ৩১হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
৩মে (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি বনবিট এলাকায় অভিযান চালিয়ে জালনোটসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার জেলার উখিয়া রাজাপালং নলবুনিয়া পাড়া পাতা বাড়ির মৃত শওকত আলীর পুত্র মোহাম্মদ মোদ্দাচ্ছির(২৫), মোদ্দাচ্ছিরের ছোট বোন খাতিজা (১৭) এবং একই উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ক্যাম্প নম্বর-১২, ব্লক নম্বর এইচ-১৩ এলাকার ছলিম উল্লাহ`র কন্যা হালিমা আক্তার (১৮)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে থানা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনবিটের সামনে ভাড়ায় প্রাইভেট কার থামিয়ে তাদের শরীরে তল্লাশী চালিয়ে ৩৬টি ৫০০ টাকার নোট ও ১৩টি ১০০০ টাকার নোট মোট ৩১হাজার জালনোটসহ তিনজনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদ হোসেন জানান, আটককৃত তিনজন উদ্ধারকৃত জাল নোটের টাকাগুলো কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীদেরকে রোববার সকালে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















