
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করে ২ জন সিনিয়র স্টাফ নার্সকে বদলি এবং ৪ জন সিনিয়র স্টাফ নার্সকে একযোগে সংযুক্তির আদেশ প্রদান করায় হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৫০ শয্যা অনুমোদিত হলেও প্রতিদিন গড়ে ৭০-৮০ জন রোগী ভর্তি থাকেন এবং প্রতিদিন প্রায় ৮০০ জনের বেশি বহির্বিভাগীয় রোগী চিকিৎসা সেবা নেন।
অপ্রত্যাশিতভাবে একযোগে ৬ জন নার্স বদলি এবং সংযুক্তির আদেশ হওয়ায় হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মারাত্মক সংকটে পড়েছেন। এতে শিশু, নারী ও প্রসূতি বিভাগসহ সার্বিক সেবা কার্যক্রম হুমকির মুখে পড়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদিত ৩৮টি নার্স ও মিডওয়াইফ পদের বিপরীতে ২৯জন কর্মরত ছিলেন। তাদের মধ্যে একযোগে ৬জন বদলির এবং সংযুক্তির আদেশ পাওয়ায় নার্স সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে মাত্র ২১জনে। এর আগে ও সংযুক্তিতে আরো ২ জন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন। এতে ২৪ ঘণ্টার ইনডোর ও আউটডোর সেবা পরিচালনায় মারাত্মক জনবল সংকট দেখা দিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন জানান, “৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে বর্তমানে ৭০-৮০ জন রোগী ভর্তি থাকে। কিন্তু একযোগে ৬ জন নার্স বদলি ও সংযুক্তির আদেশ হওয়ায় সেবা প্রদান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আমরা উপর মহলে বিষয়টি জানিয়ে নতুন নার্স সংযুক্তির অনুরোধ করেছি।”
তিনি আরও বলেন, “সরকারি প্রক্রিয়ায় একযোগে বদলি হওয়ায় আমরা কোনো বাধা দিতে পারছি না। তবে একসঙ্গে এত জন চলে যাওয়ায় হাসপাতালে সেবা ব্যাহত হবে, যা রোগীদের ভোগান্তির কারণ হতে পারে।”
স্থানীয় জনগণ ও সেবা গ্রহণকারীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত নতুন নার্স পদায়ন ও স্থিতিশীল জনবল নিশ্চিতের দাবিও জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















