
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ’র ব্যক্তিগত উদ্যোগে শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ‘ইউসেট’ পরীক্ষা লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় ও মোস্তফা বেগম গার্লস স্কুল ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়। সমগ্র উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রায় ৮শ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। ইংরেজি ১ম ও ২য় পত্রের উপর ১০০ নম্বরের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা মনে করেন, এই পরীক্ষার মাধ্যমে তারা অনেক বেশি লাভবান হচ্ছে। এসএসসি ও দাখিল পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ে তাদের ভালো প্রস্তুতি হচ্ছে। ২০২৩ সালের পরীক্ষার্থীদের জন্য এর আগে ২৪ ডিসেম্বর ২০২২ তারিখে ‘ইউসেট’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এই উদ্যোগের জন্য অভিভাবক, শিক্ষক ও সচেতন মহল ইউএনও’র ভূয়সী প্রশংসা করেন। শিক্ষার মানোন্নয়নে ইউসেট পরীক্ষাসহ লোহাগাড়া উপজেলার ইউএনও’র ব্যতিক্রমী সব উদ্যোগ ইতোমধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
ইউএনও শরীফ উল্যাহ জানান, আমার উদ্যোগ এবং কার্যক্রমসমূহের মূল লক্ষ্যই হচ্ছে, সার্বিক শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও শিক্ষার মানোন্নয়ন। ‘ইউসেট’ পরীক্ষার ফলে ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি যেমন যাচাই হচ্ছে তেমনি তারা তাদের ভুল-ত্রুটি সংশোধন করে আরও ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে। আশা করি, তারা মূল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























