
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের উত্তর পানত্রিশা এলাকায় প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে দক্ষিণ চট্টগ্রামের বন বিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের ডলুবিট বনবিভাগ।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উত্তর পানত্রিশা এলাকায় ধানক্ষেতে জালে আটকে অবস্থায় দেখতে পান স্থানীয় কৃষকরা।
স্থানীয়রা জানিয়েছে, ধানক্ষেতের চারপাশে দেওয়া জালের মধ্যে আটকে যায় অজগরটি। পরে কৃষকরা বন বিভাগে খবর দেন।
খবর পেয়ে ডলুবিট বিট কর্মকর্তা রাকিব হোসাইন এর নেতৃত্বে নেতৃত্বে বনবিভাগের একটি দল ও স্থানীয় ইউপি সদস্যকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটি উদ্ধার করে।
১৯আগস্ট (মঙ্গলবার) সকালে স্থানীয় ইউপি সদস্যকে সাথে নিয়ে বনবিভাগের কর্মীরা নারিশ্চা সংরক্ষিত বনাঞ্চল এলাকায় সাপটিকে অবমুক্ত করে।
ডলু বিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইন জানান, উদ্ধার করা অজগর সাপটি সুস্থ আছে এবং সেটিকে নিরাপদে ডলু বিট এর নারিশ্চা মৌজায় সংরক্ষিত বনাঞ্চলে অজগর সাপটিকে অবমুক্ত করা হয়েছে।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা বজলুর রশিদ বলেন, স্থানীয় মেম্বার ও এলাকাবাসীর সহযোগিতায় বনবিভাগের টিম অজগর সাপটি উদ্ধার করা সম্ভব হয়েছে। অজগরটি সুস্থ আছে এবং সাপটিকে নারিশ্চা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















