
রায়হান সিকদারঃ
ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত হয়েছে ‘কমিউনিটি আই সেন্টার”। আই সেন্টারে চোখের রোগীরা প্রাথমিক চিকিৎসা সেবাসহ সমন্বিত উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি আই সেন্টার থেকে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখানে রয়েছে স্লীট ল্যাম্প, অটো রিফ্রেক্টোমিটার, রেটিনোস্কোপ, ডিজিটাল ফান্ডাস ক্যামেরা, ডিজিটাল ভিশন চার্টসহ অত্যাধুনিক যন্ত্রপাতি। রোগীর সব রিপোর্ট অনলাইনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠানো হয় এবং ই-সাইনযুক্ত ব্যবস্থাপত্র সরাসরি প্রিন্ট করে দেওয়া হয়। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ পরামর্শও নেওয়া যায়।
কমিউনিটি আই সেন্টারের সিনিয়র স্টাফ নার্স রোমানা এরশাদ শিল্পী বলেন, কমিউনিটি আই সেন্টার চালুর করার পর থেকেই এখানে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছি। কমিউনিটি আই সেন্টারে রোগীদের প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবাসহ সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও চোখের ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, শিশু চক্ষু রোগ, চোখের আঘাতসহ অন্যান্য জটিল চক্ষু রোগ শনাক্তকরণ এবং টেলি-কনসালটেশনের মাধ্যমে বেইজ সেন্টারে কর্মরত চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে রেফারেল এর মাধ্যমে রোগীদের অপারেশন প্রয়োজনীয় অনুসন্ধানসহ চক্ষুচিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে ঔষধসহ সেবা কার্যক্রম প্রদান করা হয়
চক্ষু চিকিৎসা সেবা নেওয়া পুটিবিলা খাদিজা বেগম (৬০) বলেন, উপজেলার হাসপাতালেই চক্ষু চিকিৎসা সেবা নিতে পেরেছি। এর আগে আমাদের জন্য এমন সুবিধা ছিলনা। হাসপাতালে কমিউনিটি আই সেন্টার স্থাপিত হওয়ায় আমি উপকৃত হয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত রয়েছে আই সেন্টার। কমিউনিটি আই সেন্টার থেকে ৯০% এর বেশি রোগীকে এখানেই বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও পাওয়ার চশমা দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে মাত্র ১০% জটিল রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়, যেখানে তারা বিশেষ সুবিধা পেয়ে থাকেন।
তিনি আরও বলেন, এটি একটি স্বতন্ত্র চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র। যেখানে কর্মরত দুজন সিনিয়র স্টাফ সেবিকা উন্নত প্রযুক্তি ব্যবহার করে বেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের কাছে রোগীর যাবতীয় তথ্য পাঠান এবং রোগীর সঙ্গে বিশেষজ্ঞকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করে থাকেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার স্থাপিত হওয়ার পর থেকে প্রতিদিনই চক্ষু রোগীরা সেবা নিচ্ছেন এবং বিনামূল্যে ঔষধসামগ্রী ও চক্ষুসেবা প্রদান করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















