
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল এলাকায় আরকান সড়কে চট্টগ্রাম অভিমুখী একটি মোটর সাইকেলের ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন এবং দুইজন মোটর সাইকেল আরোহী আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।
নিহত মহিলার নাম ছফুরা খাতুন (৭০)। সে উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা।
১৪ অক্টোবর(মঙ্গলবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনাটি ঘটেছে।
আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন যথাক্রমে মোঃ আজাদ (১৮)। তিনি চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার দেলোয়ার হোসেন’র পুত্র। অপর জন হলেন মোঃ আবদুল্লাহ (১৬)। তিনি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আবদুল ছফুর’র পুত্র।
আহত উভয় জনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলার মা-মণি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক অর্ণব বিশ্বাস বলেন, আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করার পর হাসপাতাল ত্যাগ করে চলে গেছেন। তাঁদের আঘাত গুরুতর নয়।
আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুদ্দীন বলেন, তিনি ব্যক্তিগত কাজে ঘটনাস্থল সংলগ্ন এলাকার বাড়ি থেকে বের হয়ে আরকান সড়ক অতিক্রম করছিলেন। ওই সময় চট্টগ্রাম অভিমুখী একটি মোটর সাইকেল ঘটনাস্থলে এসে মহিলাকে ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছিঁটকে পড়লে রক্তাক্তবস্থায় ঘটনাস্থলে প্রান হারায়।
নিহত মহিলা আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক চতুর্থ শ্রেণীর কর্মচারী। বর্তমানে অবসরপ্রাপ্ত বলে তিনি জানান।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুল আলম জানান, দূর্ঘটনা খবর শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তসাপক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















