
দায়িত্বপালনে শেষ নিঃশ্বাস
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান বার্ষিকীর মিছিলে হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম (৫৮)। মিছিল চলাকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি, পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। । বটতলী শহরের পুরাতন বিওসি এলাকা থেকে মিছিল শুরু হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে যখন মিছিল উত্তাল, তখনই হঠাৎ অচেতন হয়ে পড়েন মাওলানা আবুল কালাম।
মৃত্যুকালে তিনি ৫মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন,
“মাওলানা আবুল কালাম ভাই আমার পাশেই ছিলেন। হঠাৎ দেখি তিনি অস্থির হয়ে পড়েছেন। আমরা সাথে সাথে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে চিকিৎসক জানান, তিনি আর নেই।”
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসেন জানান,”প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।”
মাওলানা আবুল কালামের আকস্মিক মৃত্যুতে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন অনেকেই, মুহূর্তেই পুরো বটতলী শহরে সৃষ্টি হয় বিষাদের আবহ। দলের প্রতি তাঁর নিষ্ঠা, ত্যাগ ও নেতৃত্ব ছিল সর্বজনবিদিত। দীর্ঘদিন ধরে তিনি লোহাগাড়া জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তাঁর এই অকাল মৃত্যু জামায়াতে ইসলামীর লোহাগাড়া শাখার জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।
আগামী ৬আগস্ট সকাল ৯টার দিকে মরহুম মাওলানা আবুল কালামের নামাজের জানাযা পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























