
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ মোহছেনার হাট এলাকায় ৪ লিটার চোলাইমদসহ পুত্রকে পুলিশের হাতে হস্তান্তর করলেন পিতা।
২২ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৫ টার দিকে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই এএফএম জিয়াউল হুদার নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত পুত্রের নাম মোঃ রুবেল (৩৮)। সে ওই এলাকার হাজী শফিক আহমদ’র পুত্র।
রুবেল’র পিতা জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মদ পান করে আসছিল। এ বিষয়ে সামাজিকভাবে একাধিকবার বিচার হলেও কিছুদিন যেতে না যেতেই সে পুণরায় মদ পান করে পরিবারের সদস্যদের উপর শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। এহেন আচরণের ধারাবাহিকতায় উল্লেখিত সময়ে ও সে মদ পান করে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া-বিবাদ শুরু করে। একই সময় সমাজের লোকদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। পরে স্থানীয়রা তাকে বেঁধে রেখে ইউপি সদস্য আবু বক্করকে খবর দেন। তাঁর পরামর্শে ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদসহ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন।
স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর জানান, রুবেলের একাধিকবার সামাজিকভাবে বিচার করা হয়েছে। বাহির থেকে এলাকায় লোক এনে মদ পানের আসর বসায়। অবশেষে পিতা অতিষ্ঠ হয়ে আমার পরামর্শে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদসহ তাকে আটক করে চুনতি পুলিশ ফাঁড়ি হেফাজতে নিয়ে যান।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ রবিউল আলম খাঁন জানান, পিতার অভিযোগ পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে ৪লিটার চোলাই মদসহ রুবেলকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়। বাড়িতে কিছুদিন ধরে রুবেল মদ খেয়ে মাতলামি করছিল। ছেলের বিরুদ্ধে পিতা বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















