
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রশাসন,সেনাবাহিনী এবং পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় রোহিঙ্গাদের ভুয়া এনআইডি কার্ড জব্দ করা হয়।
৩০ জানুয়ারি(শুক্রবার) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন
এর উপস্থিতিতে লোহাগাড়া উপজেলার ঠাকুরদীঘি ও উজিরভিটা এলাকায় অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের আটকের উদ্দেশ্যে একাধিক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, আটককৃত ৩৯ জন রোহিঙ্গাদের মধ্যে (২২ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ১৫ জন শিশু)। আরেকটি অভিযানে আরো ৬ জন রোহিঙ্গা (পুরুষ)। আটককৃত মোট ৪৫জনকে আটকের পর লোহাগাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন একজন ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার বাসা হতে বেশ কিছু সিম কার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এফসিএন কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল বলেন, উপজেলা প্রশাসন,পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন এলাকায় বসবাসরত মোট ৪৫জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় রোহিঙ্গাদের ভুয়া এনআইডি কার্ড জব্দ করা হয়। আটক ৪৫জন রোহিঙ্গাদেরকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। লোহাগাড়ায় ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সাথে জড়িত ব্যত্তিদের বিষয়েও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















