
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই ডাকাত চক্রের সদস্যকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়নের খাসমহল এলাকায় মান্নান মুদির দোকানের সামনে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত দুজন ডাকাত দম্পতি বলে জানান পুলিশ।
আটককৃতরা হলেন চট্টগ্রামের বাঁশখালীর গুলুল্যাখালী মাইজপাড়া গ্রামের বাসিন্দা, বর্তমানে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর হিমছড়িপাড়া এলাকায় বসবাসকারী মো. মনজুর আলম (৫২) এবং তার স্ত্রী হাছিনা বেগম (৪০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরিফুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে অভিযান চালিয়ে মনজুর আলমের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ এবং তার স্ত্রী হাছিনা বেগমের ব্যাগ থেকে পাঁচ রাউন্ড গুলি, বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ ৪৮ হাজার ৫০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের দুজনকে থানার হেফাজতে নিয়ে আসা হয়। তারা দুজন স্বামী স্ত্রী।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনে চট্টগ্রামের পটিয়া থানা এলাকায় ডাকাতি করে তারা পালাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। এদের মধ্যে মনজুর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানা ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গত ১৯ জুন ডাকাতি মামলার সঙ্গে জড়িত চারজনকে আটক করে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছিল। সেই ঘটনার সাথে আটক হওয়া দম্পতি ডাকাত চক্রের দুজন সক্রিয় সদস্য।
ওসি আরও বলেন, আটককৃত দুজন স্বামী-স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। ২১জুন (শনিবার) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















