
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন।
সভায় অনলাইন ভ্যাকসিন রেজিস্ট্রেশন পদ্ধতি, টিকা গ্রহণের সুফল এবং ক্যাম্পেইন চলাকালীন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি ও কমিউনিটি লিডাররা অংশ নেন।
সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারি ব্যবস্থাপনায় ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স (বা নবম শ্রেণি পর্যন্ত) সব শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
এ ক্যাম্পেইনের আওতায় লোহাগাড়ার ৯টি ইউনিয়ন ও ৭টি পৌর ওয়ার্ডে, ৪৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ২১৬টি অস্থায়ী টিকাকেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৬৫১টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এর মধ্যে ৪৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮১,৯০৬ জন শিক্ষার্থী এবং কমিউনিটি পর্যায়ের প্রায় ৩৩,৪৩০ জন শিশুসহ মোট ১,১৫,৩৩৬ জন শিশু টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) পাবে।
সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর অংশ হিসেবে পরিচালিত এ উদ্যোগের মূল লক্ষ্য ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দেওয়া। সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম সমাজ, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম বলেন, “এ টিকা শিশুদের জন্য অত্যন্ত উপকারী এবং পরীক্ষিত। আমরা চাই সবাই এগিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করুক, যাতে লোহাগাড়াকে টাইফয়েডমুক্ত করা যায়।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, ১ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টারে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের নির্ধারিত পয়েন্টে ও বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। এজন্য শিশুর ১৭-সংখ্যার ডিজিটাল জন্মনিবন্ধন সনদ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
তিনি আরও বলেন, “টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ক্ষতি করতে পারে। সবাইকে এই টিকার আওতায় আসতে হবে।”
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, “শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা নেওয়া অত্যন্ত জরুরি। এ ক্যাম্পেইনের মাধ্যমে লোহাগাড়ার শিক্ষার্থী ও শিশুরা টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত হবে।”
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















