
রায়হান সিকদারঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া- সাতকানিয়া) আসনের এবার রাজনৈতিক সমীকরণে একটু বড় ধরণের পরিবর্তন লক্ষ্য করতে দেখা যাচ্ছে। পরিবর্তনের অংশ হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেছেন।
২১জানুয়ারি (বুধবার) রাত ৮টার দিকে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, মরহুমা বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও লোহাগাড়া উপজেলা এলডিপি অঙ্গ ও সহযোগী সংগঠন হতে বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষ্যে উপজেলার সদরে আল মদিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই দলবদল সম্পন্ন করা হয়েছে।
এতে এলডিপি থেকে আসা নেতাকর্মীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপস্থিম উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা।
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।
দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী,দক্ষিণ জেলা ওলামাদলের আহবায়ক মুজিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করায় স্থানীয় বিএনপির রাজনীতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
যোগদান অনুষ্ঠানে এলডিপির যে সকল শীর্ষস্থানীয় নেতা বিএনপিতে শামিল হয়েছেন তারা হলেন লোহাগাড়া সদর এলডিপির সহ-সভাপতি ফরিদুল মেম্বার,লোহাগাড়া সদর এলডিপির সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবদুস ছবুর মেম্বার,উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম, বড়হাতিয়া ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মোহাম্মদ শফি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, বড়হাতিয়া ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি নুরুল আলম, লোহাগাড়া উপজেলা গণতান্ত্রিক শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জসিমসহ তিন শতাধিক নেতাকর্মীরা।
সদ্য,যোগদানকারি বিএনপি নেতা নুরুল আলম বলেন, আমি আগেও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ ও লালন করে বিএনপির রাজনীতি করে যাবো।বিএনপি এদেশের সর্ব বৃহৎ সংগঠন। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে আমরা বদ্ধপরিকর।
অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সময়টি দেশ ও জাতির জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই আসনটি তাঁকে উপহার দিতে হবে।
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনও তাঁর বক্তব্যে বিএনপিতে যোগদান করায় নেতাকর্মীদেরকেও অভিনন্দন জানান
ঐক্যবদ্ধ এই শক্তির মাধ্যমেই লোহাগাড়া- সাতকানিয়া আসনটি বিএনপির বিজয় সুনিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















