
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে ২টি ডাম্পার গাড়ি জব্দ করেছে লোহাগাড়া থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান।
গত ৩০জুলাই (বুধবার) চুনতি পুলিশ ফাঁড়ির এসআই এএফএম জিয়াউল হুদা বাদি হয়ে লোহাগাড়া থানায় চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।
মামলায় মোঃ মহি উদ্দিন, মাহাদু, বাহার উদ্দিন ও জিসানকে আসামী করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন, গত ৩০জুলাই বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ চান্দা যাদি পাহাড়ের পশ্চিম পার্শ্বে চান্দা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি, ওই স্থান থেকে তারা অনেকদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বেচাকেনা করছিল। ঘটনাস্থল থেকে আমরা তাৎক্ষণিক দুটি বালু ভর্তি ডাম্পার জব্দ করতে সক্ষম হই।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আসামীদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়। জব্দকৃত বালু ভর্তি ডাম্পারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















