
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণ কাজের পাওনা টাকা চাইতে গিয়ে জহির উদ্দিন (৩৮) নামে এক রাজমিস্ত্রি ছুরিকাঘাতে খুন হওয়ার ঘটনার সাথে জড়িত মূল হোতা সাহাব উদ্দিন(৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
২৫জুলাই (শুক্রবার) ভোরে চট্টগ্রাম শহরের মাদারবাড়ী এলাকা থেকে র্যাব- পুলিশের যৌথ অভিযান চালিয়ে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
একইদিন সকালে আসামির দেখানো মতে উক্ত মামলার ১নং আসামি নাজিম উদ্দিনের বসতঘরের দক্ষিণ পাশের ঝোপের মধ্য থেকে ঘটনায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে থানা পুলিশ।
আটক সাহাব উদ্দিন উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের গৌড়স্থান নয়া পাড়া এলাকার মৃত সোলাইমের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, নির্মাণ শ্রমিক জহির উদ্দিন(৩৮) গৌড়স্থান নয়া পাড়া এলাকার বাসিন্দা সাহাব উদ্দিন ও নাজিম উদ্দিনের বাড়ির নির্মাণ করছিল। কাজ শেষ হওয়ার পর বার বার তাদের কাছ থেকে পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে জহির কে ছুরিকাঘাত করে। চার দিন পরে চমেকে মারা যান তিনি। এ ঘটনার পর জহির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
শুক্রবার ভোরে চট্টগ্রাম শহরের মাদারবাড়ী এলাকা থেকে র্যাব- পুলিশের যৌথ অভিযান চালিয়ে ঘটনার আসামি সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। ব্যবহৃত চাকুটি জব্দ করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ছুরিকাঘাতে নিহত রাজমিস্ত্রী জহিরের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। চট্টগ্রামের মাদারবাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার আসামী সাহাব উদ্দিনকে আটক করতে সক্ষম হই।তার জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে মামলার ১নং আসামি নাজিম উদ্দিনের বসতঘরের দক্ষিণ পাশের ঝোপের মধ্য থেকে ঘটনায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে রিমান্ড চাওয়া হবে। তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ১৩ জুলাই সকালে নির্মাণ শ্রমিক জহির উদ্দিন(৩৮) একই এলাকার সাহাব উদ্দিন ও নাজিম উদ্দিনের নির্মাণাধীন বাড়ির কাজ করছিল। কাজ শেষ হওয়ার পর পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে সাহাব ও নাজিম হঠাৎ করে তার ওপর হামলা চালায়। ধারালো ছুরিতে পেটের আঘাতে জহির উদ্দিনের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।তার অবস্থা আশংকাজনক দেখা দিলে তাকে চমেকে প্রেরণ করা হয়। টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।
নিহত জহির উদ্দিন উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকার আলী আহমদের ছেলে। তিনি দুই ছেলে ও দুই কন্যার জনক।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















