
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার এলজিইডির গুরুত্বপূর্ণ একটি সড়কে হচ্ছে এমচরহাট-লামা সড়ক। সড়কটি ফারাঙ্গা মনদুলার চর হয়ে লামার দিকে চলে গেছে। সড়কটির লামার দিকের অংশের প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশ বেহাল দশায় পরিণত হয়েছে। ফারেঙ্গা মন্দুলার চর থেকে লামার দিকের অংশ পরিণত হয়েছে চাষাবাদ জমিতে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,
সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। সড়ক না চষা জমি চেনা বড় দায়। অসংখ্য ছোট-বড় গর্ত সড়কটিতে। সড়কটির কোন কোন স্থানে প্রচুর কাদা আর কাদা। কোন কোন স্থানে শুধু বড় গাড়ি নয়, ছোট গাড়ি নিয়েও যাওয়া যায় না। এমনকি পায়ে হেঁটে যাওয়াও কষ্টকর। বৃষ্টি হলে সড়কটির অবস্থা আরো খারাপ হয়ে যায়। গর্তে পানি জমে থাকে। মনে হয় একেকটা গর্ত একেকটা খাল। সড়কটির ব্রাহ্মন পাড়া ও ফারেঙ্গা মন্দুলার চর এলাকার ব্রীজ ভেঙে গেছে। ভুলে মোটর বাইক নিয়ে কেউ এ সড়কটি দিয়ে গেলে কিছুদূর গিয়ে বাইক রেখে পায়ে হেঁটে যেতে হয়। বহুদিন থেকে বন্ধ রয়েছে সব ধরণের গাড়ি চলাচল। এমন খারাপ অবস্থা হয়েছে সড়কটির। অভিযোগ রয়েছে বোঝাই বালুর গাড়ি ও গাছের গাড়ি চলাচলের কারণে সড়কটির এমন অবস্থা হয়েছে। আর দীর্ঘদিন ধরে সড়কটির কোন ধরণের সংস্কার হয়নি। ফলে এ সড়কের যাতায়াতকারীদের দুর্ভোগের সীমা নেই বললেই চলে।
সিএনজি টেক্সি চালক রুহুল আমিন ও আবদুর রহিম দেশবাংলাকে জানান, সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় এ সড়কের সিএনজি টেক্সি চালকদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। কখন সড়কটির সংস্কার হয়েছে তার জানা নেই।
এ সড়কের যাতায়াতকারী পুটিবিলা সড়াইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহছান উল্লাহ দেশবাংলাকে জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুলে যেতে আমার খুব কষ্ট হয়। মোটর বাইক নিয়ে কিছুদুর গিয়ে বাইক এক জায়গায় রেখে মাইল কি মাইল পথ হেঁটে স্কুলে যেতে হয়।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান দেশবাংলাকে জানান, এই সড়কটির টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।শীঘ্রই সড়কটির কাজ শুরু হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















