
রায়হান সিকদার, লোহাগাড়াঃ
লোহাগাড়ার উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধারমানিক আওয়াল পাড়া গ্রামে আরও এক যুবকের (২৭) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে।
৪ মে ( সোমবার ) রাত ১১টা ৫০ মিনিটের দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ নিশ্চিত করেছেন।
এ নিয়ে এই উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২জন।
আক্রান্ত ওই যুবক গত ৮দিন পুর্বে ঢাকা থেকে লোহাগাড়ায় নিজ বাড়ীতে অবস্হান করেন বলে জানা গেছে
পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন জানান, আক্রান্ত ওই ব্যক্তি পদুয়া ৯ নং ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ আলমগীরের ছোট ভাই। ঢাকা থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় । পরদিন তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ বলেন, আক্রান্ত ব্যক্তিটি ঢাকা ফেরত। সে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ।৫ মে সকাল ১০টার দিকে তার বাড়ী লকডাউন করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ১মে ( শুক্রবার) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে বসবাসরত সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্যকর্মীর দেহে করোনা শনাক্ত হয়।ঔদিন রাতে স্টাফ কোয়ার্টার লকডাউন করে দেন উপজেলা প্রশাসন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















