
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারে ১০ লাখ ইউরো অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর জানায়, ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের অভিবাসন নীতিমালা অধিদপ্তরের অর্থায়নে এই সহায়তা বাস্তবায়ন করা হবে। অনুদানের অর্থ দিয়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা রেফারেল, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা এবং সংক্রামক রোগ প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হবে।
ইউএনএইচসিআর বলছে, বিশ্বের অন্যতম বৃহৎ ও জটিল মানবিক সংকটের মুখে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ক্যাম্পে বসবাসরত শরণার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব হবে।
সংস্থাটি আরও জানায়, এই অনুদান গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ)-এ দেওয়া ইতালির প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন। এর মূল লক্ষ্য হলো রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত করা এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা।
বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজেন বলেন,
“তহবিল সংকটের এই সময়ে রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য ও মানবিক মর্যাদা রক্ষায় ইতালির উদার সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সহায়তা জীবন রক্ষাকারী সেবাগুলো চালু রাখতে সহায়ক হবে।”
অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বলেন,
“রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইতালি নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে আসছে। জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবায় অবদান রাখতে পেরে আমরা গর্বিত।”
তিনি ইউএনএইচসিআরের পাশাপাশি বাংলাদেশ সরকারের মানবিক ভূমিকার প্রশংসাও করেন।
এদিকে, মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত শরণার্থী ও আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সংহতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর।
দেশ বাংলা অনলাইন 



















