
দেশবাংলা রিপোর্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (২৫ নভেম্বর) ঘোষণা হতে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তালিকা। বেলা বারোটায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক যোগে দল ও জোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৪ দলের একটি শরিক দলের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ নেতা সূত্রে এ খবর জানা গেছে। তবে, আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতাও আজ মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন বাংলা ট্রিবিউনকে। কিন্তু তিনি সময় জানাতে পারেননি।
শনিবার শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বারোটায় দল ও জোটের অন্যান্য প্রার্থী মিলিয়ে ৩০০ প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে জানান।
সূত্রমতে, ওবায়দুল কাদের বৈঠকে বলেন, আজ রাতে জোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে চূড়ান্ত ফায়সালার চেষ্টা হবে। সব ঠিকঠাকভাবে হলে রবিবার দুপুরেই সব প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সে ঘোষণায় আওয়ামী লীগ থেকে কতজন মনোনয়ন পাচ্ছেন তা যেমন থাকবে, তেমনি ১৪ দলের শরিকদের মধ্যে কোন দল কয়টি এবং কোন কোন আসন পাচ্ছে তাও জানা যাবে। সেজন্য তিনি শরিকদের প্রত্যাশার কথা চূড়ান্তভাবে জানতে চান। কোন দলকে কত আসন দেওয়া সম্ভব হবে তাও জানিয়ে দেন।
শনিবার রাতের সমাঝোতার ওপর নির্ভর করে নির্বাচনী জোট মহাজোটের বড় শরিক জাতীয় পার্টি কতটি এবং কোন কোন আসন ও যুক্তফ্রন্টসহ অন্যান্য শরিকরা কে কয়টি আসন পাচ্ছেন সে ঘোষণাও থাকবে। তবে, শেষ পর্যন্ত যদি আসন বণ্টন নিয়ে জোট শরিকদের সঙ্গে চূড়ান্ত ফয়সালা না হয় তবে, প্রার্থী তালিকা ঘোষণা পিছিয়েও যেতে পারে।
এদিকে আরেকটি সূত্র বলছে, মনোনয়ন না পেয়ে যাতে কেউ অন্য দলে যোগ দিয়ে মনোনয়ন না নিতে পারে সে কৌশল গ্রহণের জন্য আজকের ঘোষণা পিছিয়েও দেয়া হতে পারে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















