
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলি শামখানি। তিনি বলেন, ইরানের নিরাপত্তা নিয়ে যারা হস্তক্ষেপের চেষ্টা করবে, তাদের হাত কেটে ফেলা হবে।
শুক্রবার (২ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য প্রকাশ করে।
এর আগে, দেশজুড়ে অর্থনৈতিক সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত রোববার ইরানের রাজধানী তেহরানে ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা। অল্প সময়ের মধ্যেই সেই আন্দোলনে সংহতি জানায় সাধারণ জনগণ। পরবর্তীতে তেহরান ছাড়াও বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বৃহস্পতিবার তা সহিংস রূপ নেয়।
সরকারবিরোধী আন্দোলনের পঞ্চম দিনে ইরানজুড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একদিনেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হন এবং আহত হন অর্ধশতাধিক মানুষ।
এমন প্রেক্ষাপটে সতর্কবার্তা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা বাড়লে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে প্রস্তুত।
ট্রাম্পের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায়ই কড়া অবস্থান জানান আলি শামখানি। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয়।
দেশ বাংলা অনলাইন 



















