
রায়হান সিকদারঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক এলাকা লোহাগাড়া সদরের বটতলী স্টেশন ও পদুয়া তেওয়ারী হাট। এ স্টেশনে মহাসড়কের দু`পাশে রয়েছে ভাসমান দোকান। বিশেষ করে দু`পাশে দাঁড়িয়ে থাকে মিনি বাস। এ স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দীর্ঘ যানজট। স্টেশনকে যানজট নিরসনের জন্য সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
৪ ডিসেম্বর (বৃহস্প্রতিবার) দুপুরে লোহাগাড়া বটতলী মোটর স্টেশন ও পদুয়া বাজারের যানজট নিরসনের জন্য সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম কর্তৃক কার্যক্রম শুরু করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপুর্ণ স্টেশন লোহাগাড়া বটতলী মোটর স্টেশন ও পদুয়া তেওয়ারীহাট। দীর্ঘদিন ধরে এ দুই স্টেশনে যানজট লেগেই থাকে। যানজট নিরসনের জন্য সড়কের দুই পার্শ্বে সাড়ে ৪মিটার করে প্রশস্ত করণের কার্যক্রম শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।বটতলী মোটর স্টেশনের দু পাশের প্রশস্তকরণের কাজ শেষ হলে পদুয়া তেওয়ারি হাটের দুপাশের প্রশস্তকরণের কার্যক্রম শুরু করার উদ্যোগ গ্রহণ করা হবে। হাসান টেকনো বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বরাদ্দ পেয়েছেন বলে জানা গেছে ।
ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান টেকনো বিল্ডার্স এর পক্ষের ঠিকাদার মোকতার হোসেন বলেন, বটতলী মোটর স্টেশনে যানজট নিরসনে সড়কের দুই পার্শ্বে সাড়ে ৪মিটার করে প্রশস্ত করণের কার্যক্রম শুরু করা হয়েছে।
বটতলী হকার ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদুল আলম প্রকাশ শহীদ ফকির বলেন, এ স্টেশনে সড়কের দু পাশের প্রশস্তকরণের কার্যক্রম দেখেই আমরা অনেক খুশী। এটির কারণে এ স্টেশনের ভোগান্তি ও যানজট কমে যাবে।
লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী বলেন, বটতলী মোটর স্টেশনের একটাই সমস্যা যানজট। সড়কের দুই পাশের প্রশস্তকরণের কার্যক্রম শুরু হওয়ায় লোহাগাড়ার সাধারণ মানুষ ও ব্যবসায়ী অনেক খুশী। এটির কারণে যানজট কমে যাবে। চলাচলে ভোগান্তি থাকবেনা। লোহাগাড়াে বটতলী শহরের ব্যবসায়ীরা ও সাধারণ মানুষরা নির্ভিঘ্নে চলাচল করতে পারবে। আশা করছি অনেক দুর্ভোগ কমে যাবে।
এই ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের উপ-সহকারি প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম বলেন, লোহাগাড়ার বটতলী মোটর স্টেশন ও পদুয়া তেওয়ারি হাটে যানজট লেগেই থাকে। দু স্টেশনে যানজন নিরসনের জন্য সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক সড়ক প্রশস্তকরণ বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক প্রশস্তকরণের কার্যক্রম শুরু করেছেন। বটতলী মোটর স্টেশনের দু পাশের সড়ক প্রশস্ত করণ কার্যক্রম শেষ হলেই পদুয়া তেওয়ারি হাট এলাকায় সড়কের দু পাশে প্রশস্তকরণের কার্যক্রম শুরু করা হবে। আশা করছি সড়কে যানজট কমে আসবে।
স্থানীয় সচেতন মহলের মতে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া বটতলী মোটর স্টেশন ও পদুয়া তেওয়ারি হাট এলাকায় সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে দুর্ভোগ পোহাতে হয় এই রোডের যাত্রীদের। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে বড় বড় বাজারও রয়েছে। এই বাজারগুলোর কারণে যানজট আরো দীর্ঘ হয়ে যায়। সড়কটি প্রশস্ত করা হলে যানজট অনেকাংশে নিরসন হবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















