
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটন আদালতে হাজির হয়ে নিজেকে এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট দাবি করেছেন নিকোলাস মাদুরো। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তিনি।
সোমবার ম্যানহাটনের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মাদুরো বলেন, তিনি নির্দোষ এবং জোরপূর্বক তাকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিজ বাসা থেকে ধরে আনা হয়েছে। আদালতে দেওয়া বক্তব্যে তিনি বলেন,
“আমি একজন ভদ্র মানুষ। আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে।”
নিজেকে ‘যুদ্ধবন্দি’ হিসেবে উল্লেখ করে মাদুরো আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।
এদিকে একই আদালতে উপস্থিত হয়ে ভেনেজুয়েলার ফার্স্ট লেডি ও মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও নিজেকে নির্দোষ দাবি করেছেন। স্প্যানিশ ভাষায় দেওয়া বক্তব্যে তিনি আদালতকে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগে তিনি কোনোভাবেই জড়িত নন।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে বলে জানানো হয়।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসে জড়িত থাকা, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং অবৈধভাবে মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখার অভিযোগ এনেছে।
সূত্র: বিবিসি, আলজাজিরা
দেশ বাংলা অনলাইন 



















