
মোবাইল ফোনের মূল্য সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কাস্টমস ডিউটি কমানোর ফলে যাতে দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আলাদা আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে এসব উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক প্রায় ৫০ শতাংশ কমেছে।
এনবিআর জানায়, শুল্ক হ্রাসের ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। একইভাবে, ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম প্রায় ১ হাজার ৫০০ টাকা কমার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে এনবিআর আরও জানায়, সরকার কর্তৃক মোবাইল ফোন আমদানি এবং মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। পাশাপাশি দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে বলে সরকার আশাবাদী।
সংস্থাটি জানায়, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের মূল্য ধরে রাখতে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দেশ বাংলা অনলাইন 



















