
মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা যাচাই-বাছাই এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ভুল করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করতে এবং ইতিহাস বিকৃতি রোধে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।
সভায় উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি; তাই এর সঙ্গে অন্য আন্দোলন বা সংগ্রামকে এক করে দেখা উচিত নয়।
তিনি মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ইতিহাস ও চেতনার অপব্যবহারের ফলে তরুণ প্রজন্ম সঠিক তথ্য থেকে বঞ্চিত হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সংগ্রামের সত্য ইতিহাস জানানো এখন সময়ের দাবি।
মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মের মূল ভিত্তি হলো মুক্তিযুদ্ধ—এ সত্য সর্বস্তরে তুলে ধরা জরুরি।
মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা অনলাইন 



















