
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিনকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত আবেদন করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। গত ১৪ জুন জেলা প্রশাসক বরাবর দেওয়া আবেদনে মহিউদ্দিন অভিযোগ করেন, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন, ২০২৪ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আবেদনে বলা হয়, জসিম উদ্দিন প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট আবেদন করেছিলেন। তবে আদালত এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেননি। এরপরও উপজেলা প্রশাসনের মাধ্যমে তাঁকে পুনরায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মোহাম্মদ মহিউদ্দিনের দাবি, জেলা প্রশাসনের পূর্ববর্তী নির্দেশনা ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তিনি বিষয়টি পুনর্বিবেচনার পাশাপাশি চেয়ারম্যানকে দেওয়া প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রত্যাহারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। আবেদনে আরও উল্লেখ করা হয়, একাধিক মামলার বিচারাধীন অবস্থায় চেয়ারম্যানকে পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি আইনগত ও প্রশাসনিকভাবে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন বলেও আবেদনকারী মত দিয়েছেন। এদিকে আবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার পর সাতকানিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আবেদনটি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করা হতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান জসিম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মুহাম্মদ নাজিম উদ্দিন 
