শহীদুল ইসলাম বাবর, দেশবাংলা.নেট
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অপহরণের ৩০ ঘণ্টার মাথায় সোমবার ভোর রাতে নিজ বাড়িতে ফিরেছেন মির্জাখীল বাংলাবাজার এর ব্যবসায়ী মোস্তাক আহমদ সওদাগর। মোস্তাক আহমদ নিজ বাড়িতে ফেরার মাধ্যমে ইতি ঘটলো আতঙ্ক আর উৎকণ্ঠার। মোস্তাক আহমদ বাড়িতে ফেরার বিষয়টি সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল কবীর নিশ্চিত করেছেন। ওসি বলেন অপহরণের পর থেকে পুলিশের বেশ কয়েকটি টিম সম্ভাব্য সব কটি স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করার কারণে অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। মোস্তাক সওদাগর এখন পুলিশের হেফাজতে রয়েছে।
এর আগে গত ৪ মে রাত আনুমানিক ১০টার সময় স্কুল পড়ুয়া ছেলে আকিবুল ইসলাম কে সাথে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ বাড়িতে ফেরার সময় মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ১০ রাউন্ড তাজা কার্তুজ,১টি রেইনকোট ও অপহৃতদের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। এর ২ ঘণ্টা পর ছেলে আকিবুল কে অপহরনকারীরা ছেড়ে দিয়ে বলেছিলেন বাড়িতে গিয়ে বলিস এক কোটি টাকা দিলে তোর বাবাকে ছেড়ে দিব।
এর পরই সাতকানিয়া সার্কেলের এডিশনাল এসপি হাসানুজ্জামান মোল্যা, থানার অফিসার ইনচার্জ শফিউল কবীরসহ চৌকস অফিসার দের বেশ কয়েকটি টিম অপহৃত মোস্তাক আহমদ কে উদ্ধার অভিযানের নামে। তবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও মোস্তাককে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর সোনাকানিয়া মাদার্শা ও বাঁশখালী সীমান্ত এলাকায় সারাদিন চলে উদ্ধার অভিযান। উদ্ধার অভিযানের সম্পৃক্ত হয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সর্বশেষ গতরাতে উদ্ধার অভিযানে কাজ করা পুলিশের একাধিক টিম থানায় ফেরার প্রস্তুতিকালে সোনাকানিয়া ইউনিয়ন এর ছড়ার কুল এলাকায় অপহরণকারীরা মোস্তাক আহমদ কে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মোস্তাক আহমদ নিজ বাড়িতে ফেরার সময় সেখানে পৌঁছে পুলিশ পৌঁছে প্রথমে নিজ বাড়িতে নিয়ে যায় সেখান থেকে তাকে থানা হেফাজতে নিয়ে আসা হয়। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন সাতকানিয়ায় বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশ মোস্তাক সওদাগরকে অফার এর মাধ্যমে পাল্টে যায়। মানুষের মাঝে বেড়ে যায় উদ্বেগ আর উৎকণ্ঠা। তবে মোস্তাক আহমদ সওদাগর উদ্ধার হওয়ার মধ্য দিয়ে সেই উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটে। অপহৃত মোস্তাক সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জমাদারপাড়ার ইসমাইল সওদাগর বাড়ির মৃত আঙ্গা মিয়ার ছেলে। সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজার এলাকায় ভাই ভাই শপিংমল ও ভাই ভাই ক্লথস্টোর নামে দুটি কাপড়ের দোকান রয়েছে তার। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল কবির বলেন মোস্তাক আহমদ থানা হাজতে রয়েছেন তার কাছ থেকে অপহরণের বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















