
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ভিক্ষুকের বেশ ধরে চুরি করার ঘটনায় এক নারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চার লক্ষ একান্ন হাজার নগদ টাকা, প্রায় চার ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়।
গতকাল দিবাগত রাত ২টার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় বাদশার বাপের বাড়ির ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম তসলিমা আকতার(৩৫)। সে ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী এবং ওই নারী ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতো বলে জানা গেছে।
থানা সুত্রে জানা গেছে, গত ২১আগস্ট উপজেলার কলাউজান ১নং ওয়ার্ডের হিন্দুর হাট এলাকার প্রবাসী হাফেজ আহমদের স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি(২৪) কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশনস্থ মুন স্টার নামক দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় অজ্ঞাতনামা একজন ভিখারীর বেশে তাদের নিকট ভিক্ষা খুঁজতে আসে। ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর সাথে থাকা এক মহিলাকে উস্কানীমূলক কথা বলে ক্ষেপিয়ে দেন। এতে ভিক্ষুকের সাথে প্রবাসীর স্ত্রীর সাথে থাকা মহিলার বাকবিতণ্ডা হয়। ওই সময় প্রবাসীর স্ত্রী তাদের মধ্যে সৃষ্ট বাকবিতণ্ডা সমাধান করতে গেলে ভিক্ষুক তসলিমা সুকৌশলে তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ভরি ওজনের স্বর্ণ (২জোড়া কানের দুল, ১টি আংটি) নিয়ে পালিয়ে যায়।পরে অনেক খোঁজাখুঁজি করেও তসলিমাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী গত ২৫আগস্ট ভুক্তোভুগী প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি অজ্ঞাতনামা চোরদেরকে আসামী করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পরই চোরকে শনাক্ত করতে অভিযানে মাঠে নামে লোহাগাড়া থানা পুলিশ। পুলিশ আমিরাবাদ মুনস্টার দোকানের সামনে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তা,নিয়ে তসলিমা আকতারকে সনাক্ত করে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড়, বাদশার বাপের বাড়ির ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বলেন, তসলিমা আকতার পেশাদার চোর। সে ভিক্ষুকের বেশে দীর্ঘদিন ধরে এসব কর্মকান্ড করে আসছে। প্রবাসীর স্ত্রী মামলার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় কালিয়াইশ পুর্ব কাঠগড় এলাকা থেকে তসলিমা আকতার কে আটক করা হয়।তার তথ্যমতে তার বাসা থেকে নগদ চার লক্ষ একান্ন হাজার টাকা এবং তিনি ভরি এগারো আনা, দুই রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। যার মধ্যে ৫টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ২টি নাকফুল। ওই স্বর্ণালঙ্কারের মধ্যে একজোড়া কানের দুল এবং একটি আংটি ভূক্তভুগি প্রবাসীর স্ত্রী তার নিজের বলে শনাক্ত করে। আটক তসলিমা আক্তারের বিরুদ্ধে,নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















