
নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডটনেট
ঢাকার উত্তরায় আ স ম রবের বাড়ি থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।
তিনি বলেন, “মইনুল হোসেনকে ডিবি অফিসে আনা হচ্ছে।”
গত ১৬ অক্টোবর একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে অশালীন, আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নারী সাংবাদিক ও সম্পাদকরা বিবৃতি দিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনকে ক্ষমা চাইতে বলেন। তিনি এরপর দুঃখপ্রকাশ করে লিখিত ক্ষমা চাইলেও তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। রবিবার তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন মাসুদা ভাট্টি। এরপর দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা দায়ের হয় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে। তবে মাসুদা ভাট্টি ও জামালপুরের মামলায় তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। কুড়িগ্রামে দায়ের করা মামলায় আগাম জামিনের জন্য আবেদন করেন। এর বাইরেও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়েছে।
এদিকে, আজ গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি ওঠানো হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্যারিস্টার মইনুলের এমন আচরণের কড়া সমালোচনা করেন। এসময়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি এমন একটা জঘন্য কথা বললেন একজন নারী সাংবাদিককে এবং প্রকাশ্যে, সারা বাংলাদেশ কেন, সারা বিশ্ব দেখেছে, কীভাবে তিনি একজন নারী সাংবাদিকের বিরুদ্ধে একথা বললেন। এখন কোর্ট যেখানে তাকে জামিন দিয়েছেন, সেখানে আমার কিছু বলার নেই। সেক্ষেত্রে আমি বলবো, আমাদের নারী সাংবাদিক যারা আছেন, তারাই বা কী করছেন? একজন (ব্যারিস্টার মইনুল হোসেন) নারীর বিরুদ্ধে বলেছেন, একটা মামলা না-ই হতে পারে, আরও তো মামলা হতে পারে। এর প্রতিবাদও আপনারা করতে পারেন। আপনারা প্রতিবাদ করুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করার করবে।’
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















