
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ জিয়ার কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু ছিলেন।
মির্জা ফখরুল বলেন, “বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এমন সময়ে আমাদের ছেড়ে গেলেন যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।”
বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) ঘোষণা করেছে। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
দেশ বাংলা অনলাইন 



















