
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি আজ সোমবার দুপুরে কক্সবাজারের লাবনী পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর পরিবেশ ধারণ করে।
র্যালিতে সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর, সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, মামুন মোহাম্মদ, দক্ষিণ চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাতকানিয়া সাংবাদিক সমিতির সাধারণ মোহাম্মদ নাজিম উদ্দিন, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান রুবেল, সেক্রেটারি তারেক হোসাইনসহ সাংবাদিক নেতৃবৃন্দরা অংশ নেন। বক্তারা বলেন, গণমাধ্যম একটি জাতির দর্পণ, যা সমাজের অসঙ্গতি তুলে ধরে এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। একটি শক্তিশালী গণমাধ্যমই পারে দুর্নীতি, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে।
প্রধান অতিথি শহীদুল ইসলাম বাবর তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কলমের শক্তিই সমাজকে আলোর পথে নিয়ে যায়। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব।”
এছাড়াও অন্যান্য বক্তারা পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা রাখতে হবে।
উক্ত র্যালি ও সমাবেশে সাতকানিয়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মুহাম্মদ নাজিম উদ্দিন 
