
ঢাকা শহরে প্রবেশের সুবিধার্থে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা চার ঘণ্টার জন্য জনসাধারণের জন্য টোলমুক্ত রাখা হবে।
বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিমানবন্দর এলাকা দিয়ে ঢাকা শহরে প্রবেশের ক্ষেত্রে কোনো টোল দিতে হবে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ের এ অংশ থেকে একটি সংযোগ সড়ক গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এবং আরেকটি বনানীর দিকে।
দীর্ঘ প্রায় দেড় যুগ পর আজ লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি রাজধানীতে গণসংবর্ধনার আয়োজন করেছে। পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় এ উপলক্ষে মঞ্চ নির্মাণসহ প্রস্তুতি কার্যক্রম শেষ হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানাবেন বিএনপির শীর্ষ নেতাকর্মীরা। পরে সেখান থেকে তাঁকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় আয়োজিত সংবর্ধনায় নেওয়া হবে।
এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরের আশপাশের এলাকায় সম্ভাব্য জনসমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে কিছু রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক নোটিশে গত সোমবার এই পরামর্শ দেওয়া হয়। নোটিশে উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আবদুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এবং আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানাগুলো আগামীকাল বন্ধ রাখার জন্য মালিকদের অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের আশপাশের এলাকায় বিপুল জনসমাগম হতে পারে। এতে শ্রমিকদের যাতায়াত এবং আমদানি–রপ্তানিমুখী পণ্য পরিবহনে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এ কারণেই সংশ্লিষ্ট এলাকাগুলোর কারখানায় সাময়িক ছুটি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশ বাংলা অনলাইন 



















