
ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ‘কিছু চরমপন্থী গোষ্ঠীর’ কর্মকাণ্ড নিয়ে তারা উদ্বিগ্ন। বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে একটি চরমপন্থী মহল যে ধরনের বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা পুরোপুরি প্রত্যাখ্যান করে। ভারতের অভিযোগ, এসব ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করেনি এবং ভারতের সঙ্গে অর্থবহ তথ্য বা প্রমাণও ভাগাভাগি করেনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময়কার যৌথ সংগ্রামের মধ্য দিয়েই এই সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে, যা পরবর্তীতে উন্নয়ন সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে আরও দৃঢ় হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভারত বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে এবং দেশটিতে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে। পাশাপাশি কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থানরত সব বিদেশি মিশন ও কূটনৈতিক পোস্টের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এর আগে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়। প্রয়োজনে ভারতে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার ও প্রত্যর্পণের দাবিও জানানো হয়।
বাংলাদেশের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে শেখ হাসিনা তাঁর সমর্থকদের উসকানি দিচ্ছেন এবং ভারত তাঁকে সে সুযোগ দিচ্ছে—এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বিচারের স্বার্থে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।
দেশ বাংলা অনলাইন 



















