
রায়হান সিকদারঃ
জাতীয় পর্যায়ে প্রেসিডেন্টর স্কাউট অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে লোহাগাড়ার ছেলে মেহেদী হাসান খোকা।
সারাদেশের ৫২৪জনের মধ্যে লোহাগাড়ার মধ্যে খোকা এ অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মোছা. মাহফুজা পারভীনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়। এই কৃতি শিক্ষার্থীকে ২০২৪ সালের জন্য চূড়ান্তভাবে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
খোকা লোহাগাড়া উপজেলার দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র বলে জানা গেছে।
জানা যায়, ২০২৪ সালের জাতীয় পর্যায়ে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডের বাছাই পর্বে মূল্যায়নের মাধ্যমে অত্র উপজেলা থেকে একমাত্র খোকাই মনোনীত হয়েছে।
খোকা উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজানের আবদুস সমদ মেস্ত্রীর বাড়ির মোঃ হেলাল প্রকাশ হেলাল মেস্ত্রী ও তাজমিন সোলতানা দম্পতির সন্তান।
খোকা দরিদ্র,পরিবারের সন্তান হলেও তার রয়েছে অনেক প্রতিভা। তার প্রতিভা তাকে এ পুরুস্কার পেতে সহায়তা করেছে।
প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডে মনোনীত মেহেদী হাসান খোকা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এ অর্জন আমার একার নয়,আমার অর্জন আমার শিক্ষকসহ সবার আন্তরিক প্রচেষ্ঠার ফসল। এই স্বীকৃতি আমাদের জন্য যেমন গর্বের, তেমনি অনেক দায়িত্বের মধ্যেও পড়ে। আমার এ অর্জন উৎসর্গ করছি আমাদের অভিভাবক ও স্কাউট লিডারদের প্রতি, যারা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছেন। ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই। খোকা আরও বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাস্টার মোবারক আলী ও ইউনিট লিডার মাস্টার নুরুল ইসলাম সিএলটিসহ আমার শ্রদ্ধেয় মাতা-পিতার অনুপ্রেরণায় আমি এ অর্জন লাভ করতে পেরেছি।
খোকার বাবা হেলাল প্রকাশ হেলাল মেস্ত্রী ও খোকার মা তাজমিন সোলতানা বলেন, আমার ছেলে কে আমাদের অনেক স্বপ্ন রয়েছে। সে একদিন আমাদের এলাকার মুখ উজ্জল করবে, আমাদেরকেও সম্মানিত করবে।প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডে মনোনীত হওয়ার খবর শুনে সত্যিই আমরা খুব বেশি আনন্দিত।
দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম বলেন, খোকা বিদ্যালয়ের উদীয়মান এক তরুণ মেধাবী শিক্ষার্থী। তার এ অর্জন অবশ্যই প্রশংসার দাবিদার। এ অর্জন এলাকার স্কাউটদের জন্য প্রেরণার উৎস। এটি তার আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বিকাশে অনুপ্রেরণা যোগাবে।
লোহাগাড়া উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘খোকার এই অর্জনের পেছনে কারিগর ছিলেন স্কাউটস শিক্ষকসহ অন্যন্য শিক্ষকরা।তার মেধা,প্রতিভার কারণেও সেটি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষক, স্কাউটস টিম লিডার ও তার মা বাবার পরিশ্রমের ফসল হল এই স্কাউট অ্যাওয়ার্ড।শিক্ষকের পাশাপাশি তার অভিভাবক সচেতন ছিল বলেই এটি সম্ভব হয়েছে। স্কাউটিং শুধু শারীরিক কৌশলের চর্চা নয়, এটি একজন মানুষকে আত্মনির্ভরশীল ও মানবিক করে গড়ে তোলে। আমরা এখন কোয়ালিটি স্কাউটিং নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি, যাতে ভবিষ্যতে আমাদের গ্রুপ থেকে আরও প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড বিজয়ী স্কাউট তৈরি হয়। আমি খোকাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















