
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান জানান, তপশিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময় এখনও শেষ হয়নি। দল আশা করছে, বিদ্রোহী প্রার্থীরা দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে সময়সীমার মধ্যেই প্রার্থিতা প্রত্যাহার করবেন। ইতোমধ্যে কয়েকজন প্রার্থী প্রত্যাহারের আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, “আমাদের দলে যোগ্য প্রার্থীর কোনো অভাব নেই। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছেন, বিষয়টি দল নজরে রাখছে। প্রত্যাহারের সময় শেষ না হওয়া পর্যন্ত আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি—তারা যেন দলীয় সিদ্ধান্ত মেনে নেন। অন্যথায় দল ব্যবস্থা নিতে বাধ্য হবে।”
এদিন ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি (বিএমসিএস)’–এর উদ্যোগে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন নজরুল ইসলাম খান। পরে তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বিএমসিএসের সভাপতি মারুফা রহমান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, “খালেদা জিয়া তার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে তারেক রহমানকে রেখে গেছেন। তিনি বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশের মানুষ তার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করে।”
নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত এবং এমন কোনো কর্মকাণ্ডে জড়াবে না যাতে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে নজরুল ইসলাম খান জানান, দলীয়ভাবে একটি কমিটি কাজ করছে এবং খুব শিগগিরই ইশতেহার প্রকাশ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশ বাংলা অনলাইন 



















