
রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় কমিটির সদস্য খালিদ হাসান মিলুর বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ধুরইল গ্রামে মিলুর বাড়ির টিনের আড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে কাফনের কাপড় ও একটি চিরকুট উদ্ধার হয়, যাতে লেখা ছিল— ‘প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
মিলু জানান, বাইরে থেকে অপরিচিত কণ্ঠে ডাক পেয়ে বারান্দায় এসে আগুন দেখতে পান। প্রতিবেশী ও নৈশপ্রহরীর সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়। বৃষ্টির কারণে আগুন ছড়িয়ে পড়েনি।
এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আওয়ামী সন্ত্রাসীরা এখনও আমাদের এভাবে হুমকি দিচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিতো, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারতো না। আমরা এ ব্যাপারে জিডি করবো।’
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন।
দেশ বাংলা অনলাইন 



















