
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐ চিঠিতে তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।
চিঠিতে ট্রাম্প লিখেছেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে তিনি তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সফল মেয়াদ কামনা করছেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার যৌথ স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে—যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে।
বাণিজ্য সহযোগিতা জোরদারের প্রসঙ্গে ট্রাম্প বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্কের ইতিবাচক গতি বজায় রাখা জরুরি। এতে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়। তিনি আশা করেন, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে বাংলাদেশ সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে, যাতে দেশটির সামরিক বাহিনী উচ্চমানের আমেরিকান তৈরি সরঞ্জামে উন্নত প্রবেশাধিকার পেতে পারে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন-এর প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেন, দুই দেশের সামনে সম্পর্ক আরও শক্তিশালী করে উভয় জাতিকে সমৃদ্ধ ও নিরাপদ করার গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে।
চিঠির শেষাংশে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের শুরুতে শুভকামনা জানান এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
দেশ বাংলা অনলাইন 

























