
রাজধানীতে জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের একজন মো. নাইম একাই দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুট করে সেই টাকা দিয়ে টিভি ও ফ্রিজ কেনেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এবং ডিএমপির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
প্রেস উইং জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইম (২৬)–কে। তার কাছ থেকে লুট করা ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন, তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেন। ওই অর্থ দিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কেনেন। পরে এসব সামগ্রী জব্দ করেছে পুলিশ।
ডিএমপি সূত্রে জানা যায়, এ ঘটনায় গ্রেপ্তার অন্যরা হলেন— আকাশ আহমেদ সাগর (২৮), আব্দুল আহাদ (১৮), মো. বিপ্লব (২২), নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০), মো. জাহাঙ্গীর (২৮), সোহেল রানা (২৪), মো. হাসান (২২), রাসেল ওরফে সাকিল (২৮), আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১), রাশেদুল ইসলাম (২৫), সোহেল রানা, শফিকুল ইসলাম (৩৪), প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান (২৫)।
এদিন রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানান, প্রথম আলো ইতোমধ্যে মামলা করেছে। তবে দ্য ডেইলি স্টার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে মামলা করবে বলে জানিয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে চারটি আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় থানা পুলিশ ১৩ জন, সিটিসি তিনজন এবং ডিবি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত দ্য ডেইলি স্টার ভবনে একদল লোক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ ঘটনায় রোববার রাতে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।
দেশ বাংলা অনলাইন 



















