
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, কুরআন-সুন্নাহর শিক্ষা হলো প্রতিবেশীর প্রতি যথাযথ দায়িত্ব পালনে সচেতন থাকা। যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না তার ইমানদারির দাবিটাই মিথ্যাচার। প্রতিবেশী মুসলিম হোক বা অমুসলিম, ধনী বা দরিদ্র, আত্মীয় বা অনাত্মীয় সবারই অধিকার রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে প্রতিবেশীদের সম্মানে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিবেশীর অধিকার হলো সদাচরণ, বিপদাপদে সহযোগিতা, অন্নহীনকে অন্ন দেওয়া, গোপনীয়তা রক্ষা এবং ইজ্জত ও সম্পদের নিরাপত্তা বিধান করা।
প্রতিবেশীকে কোনো প্রকার কষ্ট দেওয়া, যেমন-সীমা ঠেলা, চলাচলের পথে বাধার সৃষ্টি, ময়লা-আবর্জনা ফেলা, উচ্চ শব্দে গান-বাজনা ইত্যাদি করে শব্দদূষণ, গালাগালি, দুর্ব্যবহার ইত্যাদি নিষিদ্ধ।
নগর আমির বলেন, এভাবে বিধি-নিষেধ মেনে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখে সামাজিক শান্তি প্রতিষ্ঠা ইসলামের অনন্য শিক্ষা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, কোতোয়ালী থানা জামায়াতের আমির আমীর হোছাইন, কোতোয়ালী থানা নায়েবে আমির অধ্যাপক আব্দুজ্জাহের, ব্যবসায়ী নেতা আহমদ রশীদ আমু, ব্যবসায়ী নুর মোহাম্মদ, অ্যাডভোকেট এহতেশামুল হক, অ্যাডভোকেট শহীদ হোসেন, কোতোয়ালী থানা জামায়াত নেতা আহমদুল হক, ব্যবসায়ী নাজিম উদ্দীন প্রমুখ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান, ইলাহী, চকবাজার থানা নায়েবে আমির আব্দুল হান্নান, ডা. মুহাম্মদ ইলিয়াছ, জামালখান ওয়ার্ড আমির মাওলানা একরামুল হক প্রমুখ।
বাংলানিউজ 


















