
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকায় মারা যাওয়া বন্য হাতিটিকে বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ার পর গুলি করা হয়েছিল।ময়না তদন্তের মাধ্যমে এমন তথ্য বেরিয়ে আসে
২৩ নভেম্বর ( সোমবার) রাতে মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন হয়। এতে হাতিটিকে বৈদ্যুতিক শক ও গুলি করে হত্যার প্রমাণ মিলেছে বলে জানা গেছে।
লোহাগাড়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আসাদুজ্জামান জানান, বৈদ্যুতিক শক ও মাথায় গুলিবিদ্ধ হয়ে বন্যহাতিটি মারা গেছে। গুলিবিদ্ধের ক্ষত স্থান থেকে একটি গুলিও বের করা হয়েছে। সেটি আমরা বন বিভাগকে জমা দিয়েছি।
এর আগে কক্সবাজার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমান ও লোহাগাড়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আসাদুজ্জামান হাতিটির ময়নাতদন্ত করেন। ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলেই হাতিটি মাটি চাপা দেয়া হয়।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন , “গুলিবিদ্ধ হয়ে হাতি মারা যাওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।হাতিটিকে প্রথমে বিদ্যুৎস্পৃষ্টের ফাঁদে আটকে যাওয়ার পর হাতিটিকে কে বা কাহারা গুলি করে হত্যা করেছে তা আমরা তদন্ত করছি। হাতির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান ।”
স্থানীয়রা জানান, বড়হাতিয়া চাকফিরানী এলাকায় শীত মৌসুমে ক্ষেতের পাশে বন্য শূকরের জন্য বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতা হয়। ওই ফাঁদে পড়ে মারা যায় হাতিটি।
এদিকে, বন্যহাতির মৃত্যুর ঘটনায় চুনতি রেঞ্জের বড়হাতিয়ার বনবিট কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন বলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মাহামুদ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















