
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির দায়ে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাতে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকীর তত্বাবধানে,থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান,এসআই গোবিন্দ্র চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আমিরাবাদ স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, লোহাগাড়া থানাধীন আমিরাবাদ ইউনিয়নের কাজিরপুকুর পাড়স্থ দোহা বিল্ডিং-এ আলমগীর নামক এক ব্যক্তি ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে ভিসা প্রসেসিং করার জন্য জাল পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে নিজ হেফাজতে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীরকে আটক করা হয় ।
আটক আলমগীরকে জিজ্ঞাসাবাদে সে জানায় পুলিশ ক্লিয়ারেন্সটি আল আকসা ট্রাভেলসের মালিক শাহ আলম থেকে ২৮ হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করেছে। তার দেয়া তথ্য মতে আল আকসা ট্রাভেলসে তল্লাশি করে শাহ আলমের ব্যবহৃত মোবাইল ফোনটিতে জালিয়াতির তথ্য-উপাত্ত পাওয়া যাওয়ায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে তাকে আটক করা হয়। আসামী শাহ আলমকে জিজ্ঞাসাবাদে সে জানায় পুলিশ ক্লিয়ারেন্সটি মোঃ বেলালের (৩৫) মাধ্যমে সংগ্রহ করেছে। একইদিন গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন লোহাগাড়া থানার সামনের কম্পিউটার দোকানি মোঃ নাজাত নামক এক ব্যক্তি ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে দিয়ে ব্যবসা করে আসতেছে। তাৎক্ষণিক মোঃ নাজাতকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোঃ নাজাত স্বীকার করে যে, সে মোটা অংকের টাকার বিনিময়ে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে ব্যবসা করে আসতেছে। তার ব্যবহৃত মোবাইল ফোন চেক করে ঘটনার সত্যতা পাওয়া যায়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনে মামলা রুজু করে তাদেরকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রতারণার এই কাজে জড়িত অন্যদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















