নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই আগুন নিভে যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিভেন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, শুক্রবার রাত ৯ টা ২২ মিনিটে সিদ্দিক বাজার জামে মসজিদ সংলগ্ন রাস্তায় গ্যাসলাইনে আগুন ধরার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে দেখেন, আগুন নিভে গেছে। এ ঘটনায় কোন হতাহত হয়নি বলে জানান তিনি।
এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা জামে মসজিদ সংলগ্ন আসগর লেন, নবকুমার দত্ত রোড ও হায়দার বক্স লেনের মিলনস্থলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
এতে এখন পর্যন্ত ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে।
বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডির বয়েজ হাই স্কুলের বিপরীতে গ্যাসলাইন লিকেজ থেকে একটি যাত্রীবাহী বাস ও পিকঅ্যাপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সূত্র দেশ রূপান্তর
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















