
রায়হান সিকদারঃ
স্বেচ্ছাসেবী সংগঠন সাঙ্গু ফাউন্ডেশন ও উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১৪ ও ১৫আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
দুই দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দীন।
এসময় স্থানীয় ইউপি সদস্য আমানুল হক আমান, উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্টা মাষ্টার জিয়া উদ্দীন বাবুল, এহসানুল হক, পরিষদের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ শাহেদ সহ বিদ্যালয়ের শিক্ষকগণ এবং পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের দিন প্রায় কয়েক হাজার ফলজ, বনজ, ওষুধি বৃক্ষ শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দীন বলেন, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের এমন কর্মসূচি সত্যিই প্রসংশনীয়। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ করার পাশাপাশি বৃক্ষ সংরক্ষণে সকলের দৃষ্টি দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
কর্মসূচির শেষদিনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. খোরশেদ আলম।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী দিদারুল আলম,বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী সাহাব উদ্দীন সিআইপি, সাবেক ছাত্রনেতা নেওয়াজ হোসাইন নিশাদসহ অনেকেই।
সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী সাহাব উদ্দীন সিআইপি বলেন, “একটি বৃক্ষ মানে একটি প্রাণ।মানুষের বেঁচে থাকার অনিবার্য উপাদান অক্সিজেন এই বৃক্ষ থেকে পেয়ে থাকি। প্রাণীর প্রতি যেমন আমরা দয়া করি, তেমনি বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে আমাদের সচেতন থাকতে হবে।”
দুই দিনব্যাপী আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রায় দুই হাজারের বেশি বৃক্ষ রোপন করা হয়। আর্থিকভাবে এই কর্মসূচিতে অবদান রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন সাঙ্গু ফাউন্ডেশন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















