
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে পটিয়া উপজেলার ভেল্লাপাড়া সেতুর পশ্চিম পাশের ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন—পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির মো. ইউসুফ (৫৩), আশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়ির মৃত আবদুল মোমিনের ছেলে এমদাদুল ইসলাম রুবেল (২৭), পটিয়া পৌরসভার গোবিন্দারখিল এলাকার বাদশা মিয়ার ছেলে হারুনুর রশিদ (৫১) এবং কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের সজিব হোসেন (২৬)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনার পর আহতদের চমেক হাসপাতালে নেওয়া হলে তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ জানায়, ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
দেশ বাংলা অনলাইন 
