
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং তা ঠেকানোর মতো কোনো শক্তি নেই। ইতোমধ্যে নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত সব দপ্তর প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই এবং সবার সহযোগিতায় তা সম্ভব হবে।”
শুক্রবার দুপুরে মাগুরার পারন্দুয়ালীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দেওয়া শহীদদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, “বর্ষা শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে। প্রার্থীরা ভোটের জন্য বাড়ি বাড়ি যাবেন, সর্বত্র নির্বাচনী অফিস হবে। তখন কারও মনে যদি সন্দেহ থাকে, সেটিও কেটে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রমজানের আগেই অনুষ্ঠিত হবে।”
প্রেস সচিব জানান, জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। তাঁদের মধ্যে ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও ব্যবসায়ী আল আমিনকে আওয়ামী লীগ যুবলীগের ‘খুনি বাহিনী’ হত্যা করে। তিনি দুই শহীদের কবর জিয়ারত করেছেন এবং বাকি আটজনের কবরেও শ্রদ্ধা জানাবেন বলে জানান।
তিনি বলেন, “এই শহীদরা নতুন বাংলাদেশের নির্মাতা। তাদের আত্মদানের ফলেই আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং সুন্দর একটি নির্বাচনের পথে এগোচ্ছি।”
দেশ বাংলা অনলাইন 



















